
কুষ্টিয়ার কুমারখালীতে সিগারেট খাওয়া ছবি ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে তানজিল শেখ (১৮) নামে এক কলেজছাত্র নিহত হন। এ ঘটনায় নিহতের বন্ধু ও এজাহার নামীয় প্রধান আসামি ওবায়দুল শেখ ইমনকে (১৯) গ্রেফতার করেছে র্যাব-১২।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে খুলনা রেলষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৩ মে) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব -১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান।
এর আগে গত শনিবার (২০ মে) বিকেল তিনটার দিকে পান্টি স্কুল মাঠে এই ঘটনা ঘটে। নিহত তানজিল শেখ পান্টি ইউনিয়ন এর ওয়াশী গ্রামের মনিরুল শেখের ছেলে। তিনি পান্টি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় গ্রেফতার ওবায়দুল শেখ ইমনও (১৯) একই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। ইমন পান্টি বাজার এলাকার চা বিক্রেতা মিলন হোসেনের ছেলে।
র্যাব জানিয়েছেন, ইমনের সিগারেট খাওয়া ছবি ফেসবুকে পোস্ট দেয়ায় গত শনিবার বিকেল তিনটার দিকে পান্টি স্কুল মাঠে নিহত তানজিল ও তার বন্ধু ইমনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে প্রকাশ্য দিবালোকে ইমন তানজিলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয়রা তানজিলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এঘটনায় নিহতের বাবা বাদী হয়ে দুই জনের নামসহ ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন আসামি ইমন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুষ্টিয়া ক্যাম্পের র্যাব টিম খুলনা থেকে তাকে গ্রেফতার করা হয়।
