
জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
কুষ্টিয়ায় বিএনপির ১৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে মডেল থানা পুলিশ। এছাড়া অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।মঙ্গলবার (১০ অক্টোবর) মামলাটি দায়ের করেন কুষ্টিয়া মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লাল চাঁদ আলী।
তবে এটিকে হয়রানিমূলক মামলা বলে অভিযোগ করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন সহ দলীয় নেতা-কর্মীরা।
আসামিরা হলেন- কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে কামাল উদ্দিন (৫২), একই এলাকার আব্দুর রশিদের ছেলে জুয়েল হোসেন (৪০) ও রুবেল হোসেন (৩৫), কমলাপুর রেনউইক মোড়ের গোলাম মোস্তফার ছেলে সাইফ মোস্তফা (২৬), আড়য়াপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে আব্দুল হাকিম (৪৫), থানাপাড়ার রেজাউল ইসলামের ছেলে সজল হোসেন (২৭), চৌড়হাস ফুলতলা মোড়ের কাজী আবুল কাশেমের ছেলে জুরাইশ হোসেন (৪২)।
কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট গ্রামের মৃত রওশন আলীর ছেলে মাজেদুর রহমান (৪৯), একই উপজেলার ভাদালিয়া বেলঘরিয়া মন্ডলপাড়ার হাবিবুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম (২৬), বড় আইলচারা গ্রামের মৃত জহুরুল বিশ্বাসের ছেলে হুমায়ূন (৪৫), বল্লভপুর এলাকার মহিউদ্দিন মোল্লার ছেলে মিলন মোল্লা (৪৫), আমানতপুর এলাকার জালাল উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (৪০), আইলচারা গোয়ালপাড়া এলাকার আমজাদ কবিরাজের ছেলে হানিফ কবিরাজ (৩০),
বরিয়া এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে আব্দুল আওয়াল বাদশা (৪০)।
মিরপুর উপজেলার পোড়াদহ বাজার এলাকার আনিসুজ্জামানের ছেলে জিকু (৩৯) ও একই উপজেলার বালিয়াশিসা এলাকার জাবেদ মোল্লার ছেলে মিন্টু (৪৫)।
মামলায় উল্লেখ করা হয়, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া শহরের ইসলামিয়া কলেরা মার্কেটের শিশু গ্যালারী নামক দোকানের সামনে উপর ৪৫ থেকে ৫০ জন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গ সংগঠনের উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, যানবাহন ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে রাষ্ট্রের সম্পদ ক্ষতি সাধন করার জন্য সমবেত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উচ্ছৃঙখল নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, ১৬ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। দায়েরকৃত মামলায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

