কুষ্টিয়ায় ৬ সাংবাদিকের ওপর হামলার 

অন্যান্য
Spread the love

অবৈধ বালু তোলার সংবাদ সংগ্রহে গিয়ে ৬ সাংবাদিক হামলার শিকার 

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: 

উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে কুষ্টিয়ার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলার সংবাদ সংগ্রহ  করতে গেলে নদীর মধ্যে ৬ সাংবাদিকের ওপর হামলা চালায় বালু উত্তোলনকারীদের সন্ত্রাসী বাহিনী। তারা সাংবাদিকেদের নৌকা ডুবিয়ে দিয়ে হত্যার চেষ্টা চালায়। চেষ্টা করে অপহরণেরও। ছিনিয়ে নেয় ক্যামেরা ও মোবাইল ফোন। 

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে পদ্মা নদীর মাঝে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক জাহিদুজ্জামান কুষ্টিয়া মডেল থানায় এজাহার জমা দিয়েছেন। 

এজাহার সূত্রে জানা গেছে, বাংলাভিশনের হাসান আলী, চ্যানেল টোয়েন্টিফোরের শরীফ বিশ্বাস, এনটিভির সাবিনা ইয়াসমীন শ্যামলী ও দুজন ক্যামেরাম্যান নৌকায় করে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলার সংবাদ সংগ্রহ  করতে ঘটনাস্থলে যান। সেখানে অসংখ্য চোষক মেশিন দিয়ে নৌকায় বালু তোলা হচ্ছিল। কিছুক্ষণ ভিডিও করার পর তালবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডলের নির্দেশে শামীম, টিক্কা ও সজিবসহ মোট ৬জন সন্ত্রাসী আগ্নেয়াস্ত্রের গুলি বর্ষন করতে করতে এসে হামলা করে। এদের মধ্যে দুজনের মুখ তোয়ালে দিয়ে বাধা ছিলো। তারা সাংবাদিকদের নৌকাকে স্পিডবোট দিয়ে ধাক্কা মেরে ডুবিয়ে দেয়ার চেষ্টা করে। সেসময় তারা সাংবাদিকদের অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ছিনিয়ে নেয় ভিডিও ধারণ করা একটি ক্যামেরা এবং মোবাইল ফোন। পরে কোনমতে নৌকা নিয়ে ফিরে আসতে পারেন সাংবাদিকরা।

সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন কুষ্টিয়ার সাংবাদিকরা৷ তারা বলেন, সাংবাদিকদের হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। যেন আগামীতে কেউ এ ধরনের ঘটনা ঘটনার সাহস না পায়। সাংবাদিকদের উপর নির্যাতনের ঘটনা বেড়েই চলছে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিভিন্ন সময় এই ধরনের হামলার বিচার না হওয়ায় ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। দোষীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত কর‍তে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে৷ যাতে সাংবাদিকরা নির্বিঘ্নে সংবাদ সংগ্রহ ও প্রকাশ করতে পারেন।

এদিকে সাংবাদিকদের পক্ষ থেকে এই হামলার প্রতিবাদে শনিবার বেলা ১১টায় মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি । এর আগে  বিভিন্ন গণমাধ্যমে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন নিয়ে ধারাবাহিক সংবাদ প্রচার হয়। 

কুষ্টিয়া মডেল থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *