
জেলা প্রতিনিধি, কুষ্টিয়া:
কুষ্টিয়ার কুমারখালীতে ‘অনৈতিক’ সম্পর্কের জেরে স্বপন আলী (২৭) নামে এক যুবককে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি আসাদুল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাব। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবুল হাশেম সবুজ।
শুক্রবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার ভাটারা এলাকা অভিযান চালিয়ে আসাদুল ইসলামকে গ্রেপ্তার করে র্যাব। আসাদুল ইসলাম আসাদ (৩৬) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার তেবাড়ীয়া গ্রামের মৃত মজিবর রহমান চয়েনের ছেলে।
এর আগে গত বুধবার বিকেলে নিহত যুবকের মা বাদী হয়ে অভিযুক্ত নারী ও তার স্বামীসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিকাকে গ্রেপ্তার করে কুমারখালী থানা পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জানা গেছে, বুধবার সকালে কুমারখালী পৌরসভার তেবাড়িয়া জালাল মোড় এলাকার একটি বাড়ির উঠানে ওই যুবকের হাত-পা ভাঙা, মাথার চুল কাটা ও রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার ওই যুবকের সঙ্গে কুমারখালী পৌরসভা এলাকার অভিযুক্ত নারীর অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন। সেই সম্পর্কের জেরে ওই যুবক মাঝেমধ্যে বোনের শ্বশুরবাড়িতে যাওয়া-আসা করতেন। এ নিয়ে কয়েকবার সালিশও হয়েছে। গত মঙ্গলবার রাতে ওই যুবক আবারও মেয়েটির শ্বশুরবাড়ি আসেন।
এদিকে ওই যুবককে পেটানোর একটি ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি ওই যুবককে বেধড়ক লাঠি দিয়ে পেটাচ্ছে। সেই দৃশ্য ভিডিও কলের মাধ্যমে মেয়েটি তার বাবাকে দেখাচ্ছেন। কেউ একজন বলছেন, ‘দুই বিঘা জমি বিক্রি করে টাকা দেব। ওকে মেরে ফেল। টাকা যা লাগে লাগুক, ও যেন বেঁচে না থাকে।’
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবুল হাশেম সবুজ জানান, হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন আসামি আসাদুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুষ্টিয়া ক্যাম্পের র্যাব টিম তাকে ঢাকার ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
